প্রকাশের তারিখঃ Nov 30, 2025 ইং
আড়াল থেকে প্রকাশ্যে এলেন ডন
চলচ্চিত্রের খল-অভিনেতা ডন কিছুদিন ধরেই আড়ালে ছিলেন। কারণ, চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে গত অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে সালমানের সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। সেই মামলায় অন্যতম আসামি হিসেবে উঠে আসে অভিনেতা ডনের নামও।
মামলা হওয়ার পর থেকেই ডনের সম্পর্কে খোঁজ পাওয়া যাচ্ছিল না। কিন্তু তিনি জানিয়েছিলেন, বাসাতেই আছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ডন অনুপস্থিত ছিলেন। অবশেষে তিনি ফের সক্রিয় হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে ফিরে তিনি একটি গান পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ৫০ জন বন্ধু-বান্ধবীদের জন্য উৎসর্গ করলাম।গানটি পোস্ট করার পরই তিনি বেশ প্রশংসা পেয়েছেন মন্তব্যের ঘরে।
সালমান শাহ হত্যা মামলার এজাহারে উল্লেখ করা আসামিদের মধ্যে আছেন-সালমান শাহের স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খল-অভিনেতা ডনসহ মোট ১১ জন। পাশাপাশি অজ্ঞাতনামা কয়েকজনের নামও রয়েছে।
প্রসঙ্গত, সালমান শাহ হত্যা মামলার পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সালমান শাহের মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এ মামলা চলবে বলে আদেশ দিয়েছেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক।
Copyright © 2026 All rights reserved.